২২ জুন ২০১৫ - ০৫:৫১
সৌদি আরবের সেনা ঘাঁটি দখল করল ইয়েমেন

সৌদি আরবের জিজান প্রদেশের কয়েকটি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সৌদি আরবের জিজান প্রদেশের কয়েকটি সেনা ঘাঁটি দখল করে নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এ কাজে সর্বাত্মক সহায়তা ছিল জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের। ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদি বিমান হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে ইয়েমেনের সামরিক বাহিনী এসব ঘাঁটি দখল করল।
ইয়েমেনের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জাবেরি এলাকার তিনটি ঘাঁটি দখল করেছে ইয়েমেনের সেনারা। এছাড়া, ঘাঁটি দখলের সময় ইয়েমেনি সেনাদের ছোঁড়া গোলার আঘাতে দুটি সৌদি সামরিক যান পুড়ে যায়।
আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের সেনাদের হামলার মুখে সৌদি সেনারা দলবেঁধে ঘাঁটি ছাড়ে এবং ওই এলাকা থেকে পালিয়ে গেছে।
এর আগে, আজ দিনের প্রথম দিকে ইয়েমেনের সেনাদের হামলায় সৌদি আরবের অন্তত এক সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে।#